গঙ্গাচড়ায় জয়দেব কমিউনিটি ক্লিনিকের ভবনটি আট বছর ধরে পরিত্যক্ত

গঙ্গাচড়া (রংপুর) থেকে কমল কান্ত রায়:

গঙ্গাচড়ায় জয়দেব কমিউনিটি ক্লিনিকটি প্রায় আট বছর ধরে পরিত্যক্ত। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।

জানা যায়, জয়দেব কমিউনিটি ক্লিনিকটি উপজেলার গজঘন্টা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। যা ১৯৮৯-৯০ সালে নির্মাণ করা হয়। নির্মাণের ২০ বছরের মাথায় ক্লিনিকটির চারপাশে ফাটল ধরেছে। এ অবস্থায় ব্যবহার অনুপযোগী হয়েছে ক্লিনিকটি। কোনোরকমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে পার্শ্ববর্তী নুরানী মাদ্রাসায়। উক্ত ক্লিনিকে দায়িত্বরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইটার (সিএইচসিপি) সুলতানা বেগম বলেন, তিনি ২০১১ সালে এই ক্লিনিকে যোগদান করেছেন। তখন থেকে ক্লিনিকটিতে ফাটল দেখা দিয়েছে। আস্তে আস্তে বড়ো আকার ধারণ করেছে। দুই-তিন বছর সেখানে কোনো রকমে কাজ করার পর পরবর্তীতে পাশে নুরানী মাদ্রাসায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাচ্ছেন। সেখানেও নিরাপত্তাহীনতায় কাজ করছেন তিনি। বসার জায়গা নেই সেখানে। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী আসে। তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, আট বছর ধরে ক্লিনিকটি পরিত্যক্ত। ক্লিনিকটির চারিদিকে ফেটে গেছে। যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে। জরুরিভিত্তিতে ক্লিনিকটির সংস্কারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ক্লিনিকটি কয়েক বছর ধরে পরিত্যক্ত। বিষয়টি কয়েকবার উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা করা হয়েছে। তারপরও কোনো কাজ হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আমি যেহেতু নতুন এসেছি। তাই বিষয়টি আমি দেখব।

Leave a Reply