গঙ্গাচড়ায় চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় খাবারে সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বদরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতার বদরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মধ্য নবনীদাস গ্রামের খোরশেদ আলমের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী কাজের সন্ধানে ফেনী জেলায় অবস্থান করছেন। তিন সন্তানসহ ওই গৃহবধূ বাড়িতেই থাকতেন। কিছুদিন আগে ওই গৃহবধূর কাছে টাকা ধার নিয়েছিল প্রতিবেশী বদরুল ইসলাম। এ সম্পর্কের সূত্র ধরে গৃহবধূর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন বদরুল। এক পর্যায়ে গৃহবধূকে কু-প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। পরে স্থানীয় মুদি দোকানী কুদ্দুস মিয়াকে (৩৫) সঙ্গে নিয়ে গৃহবধূকে অজ্ঞান করে ধর্ষণের পরিকল্পনা করে বদরুল। শুক্রবার (২৩ এপ্রিল) ইফতারের আগে ওই গৃহবধূ কুদ্দুস মিয়ার দোকানে ইফতার ক্রয় করতে গেলে তাকে চেতনানাশক ওষুধ মেশানো খাবার দেওয়া হয়। ওই খাবার খেয়ে রাতে গৃহবধূ ও তার তিন সন্তান অচেতন হয়ে পড়লে বদরুল ও কুদ্দুস দুজনে কৌশলে তার ঘরে ঢুকে ধর্ষণ করে। সকালে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বুধবার (২৮ এপ্রিল) সকালে ওই গৃহবধূ বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে বদরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ওই গৃহবধূ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।  বদরুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply