রংপুরে ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারে বিক্ষুব্ধ জনতার আগুন

রংপুর অফিস:

ফেনসিডিল পরিবহনের সময় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতার। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাকিনা-রংপুর সড়কের গঙ্গাচড়া উপজেলার এসকেএস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে প্রাইভেট কারটি ভস্মীভূত হয়েছে।

এলাকাবাসীরা জানান, লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে রংপুরের দিকে আসার সময় আনুর বাজার এলাকায় পুলিশের সামনে পড়ে একটি প্রাইভেটকার। পুলিশের ভয়ে পালিয়ে পুনরায় কাকিনা বাজারের দিকে যাওয়ার সময় এসকেএস বাজার এলাকায় অপর একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে মাদক বহনকারী গাড়িটির। এ সময় কার থেকে ফেনসিডিল বেরিয়ে পড়ে। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যেন্দ্র নাথ রায় জানান, কাকিনা বাজারের দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় এসকেএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির প্রাইভেটকারের সঙ্গে আগুনে পুড়ে যাওয়া গাড়িটির ধাক্কা লাগে। স্থানীয় লোকজন ওই গাড়িটিতে ফেনসিডিল ছিল বলে দাবি করে সেটাতে আগুন ধরিয়ে দেয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটির মালিক ও ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply