
নিউজ ডেস্ক:
নীলফামারীর ডোমারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। তিনদিন ধরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাকডোকরা বাবুপাড়ায় প্রেমিক লিপন রায়ের বাড়িতে রয়েছেন তিনি।
লিপন রায় নয়ানি বাকডোকরা বাবুপাড়া এলাকার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে। অনশনরত কলেজছাত্রী নীলফামারী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপচা এলাকায়।
অনশনরত ছাত্রী জানান, দীর্ঘ ছয় বছর ধরে নিকট আত্মীয়ের মাধ্যমে লিপনের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের মন্দিরে লিপনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর এক বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে কয়েকদিন থাকেন। কিন্তু চাকরি না থাকায় বিয়ের কথা গোপন রাখতে বলেন লিপন।
স্বামীর কথামতো বিষয়টি গোপন রেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান তারা। কিন্তু এক সপ্তাহ ধরে স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না লিপন। তাই বাধ্য হয়ে মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়িতে ওঠেন তিনি। একই সঙ্গে বিয়ের কথা তার পরিবারকে জানানো হয়।
লিপনের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি তিনদিন ধরে আমার বাড়িতে রয়েছে। শুনেছি তাকে আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি মীমাংসার জন্য মেয়েটির বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, বিষয়টি শুনেছি। তবে দুই পক্ষের যেভাবে ভালো হয় সেভাবেই মীমাংসা করা উচিত। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার