‘গাড়ি চালানোর সময় চালকদের গতি বাড়ানোর প্রতিযোগিতা বন্ধ করতে হবে’

রংপুর অফিস:

গাড়ি চালানোর সময় গতি বাড়ানোর প্রতিযোগিতা থেকে চালকদের বেরিয়ে আসতে হবে। নয়তো আইন করেও সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে না। বেশির ভাগ সড়ক দুর্ঘটনা বেপরোয়া গাড়ি চালানোর কারণে হয়ে থাকে। সরকার চাইলেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব নয় এজন্য সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদেরও আইন মেনে চলার ব্যাপারে আরো বেশি দায়িত্ববান হতে হবে।

শনিবার বেলা ১১ টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অতিথিরা একথা বলেন।

জেলা প্রশাসন, বিআরটিএ, এবং সড়ক ও জনপথ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। সড়ক আইন মেনে চলি নিরাপদে ঘরে ফিরি স্লোগানে সারা দেশের ন্যায় রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালন করা হয়েছে।

দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক বিভাগ) আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ বেগম।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন আইন, বিভিন্ন সময়ে গৃহীত উল্লেখ্যযোগ্য পদক্ষেপ ও আইন প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরূত্বারোপ করাহয়। সভা থেকে দুর্ঘটনা রোধে পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সবচেয়ে বেশি সচেতন ও দায়িত্বশীল হবার আহ্বান জানানো হয়।

এসময় বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো বন্ধ, ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য আহ্বান জানান সচেতন মহলের প্রতিনিধিরা।

আলোচনা সভারর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও পরিবহন মালিক, শ্রমিক, চালক, সচেতন মহলের প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply