
নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টিকে আইসোলেটেড করার চক্রান্ত চলছে।
বুধবার বিকেলে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, চক্রান্তকে রুখে দেওয়ার জন্য রংপুরের মানুষকেই ঘুরে দাঁড়াতে হবে। রংপুর জেলায় ও মহানগর জাতীয় পার্টির অগণিত নেতা-কর্মীদের আহবান জানাচ্ছি। তৈরি থাকেন, আগামী দিনে যেকোনো আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবো।
জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর আড়াইটায় নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে নগরীতে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহ্বায়ক মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক আনিসুর রহমান আনিছ, জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নুর ইসলাম যাদ প্রমুখ।
পরে নগরীর পল্লী নিবাসস্থ জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত, পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেন ও দোয়া মোনাজাত করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এম২৪নিউজ/আখতার