জুয়েল হত্যার বিচার না হলে রংপুর অচলের হুমকি

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন আবু ইউনুছ মো. সহিদুন্নবী ওরফে জুয়েলকে পিটিয়ে হত্যারপর আগুনে পুড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে রংপুরবাসী। সমাবেশ থেকে অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় রংপুর অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রংপুরের পায়রা চত্তর এলাকায় মানববন্ধনে দ্রুত ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানায় স্থানীয়রা। অন্যথায় পুরো রংপুর অচলের হুমকি দেয় বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি চক্র বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। তারই অংশ হিসেবে এরকম ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটানো হয়েছে। পুড়িয়ে হত্যা করা ইসলাম কখনো সমর্থন করেনা। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের অপব্যাখ্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, জুয়েল রংপুরের একজন মেধাবী সন্তান। তাকে ছোটবেলা থেকে আমরা চিনি ও জানি। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধর্মভীরু একজনকে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উষ্কে দিয়ে হত্যা করা হলো। আবার পুড়িয়ে মরদেহ ছাই করা হলো। পুরো দেশ এ ঘটনায় মর্মাহত হলেও ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা অতিদ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।

বক্তারা আরও বলেন, একজন মানুষকে দলবদ্ধভাবে উল্লাস করতে করতে আগুনে পুড়িয়ে মারাই প্রকাশ করে মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে। আমরা আজ কতটা নিচে নেমেছি। মানুষের বিবেক বুদ্ধি কতটা লোপ পেয়েছে। আমরা চাই এসব বিবেকহীন ব্যাক্তিদের শাস্তি হোক। আমরা বিচার চাই। নইলে কর্মসূচি দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বিচার চেয়েই যাবো। অন্যথায় রংপুর অচল করে দেওয়ার মত কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।

মানববন্ধনে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি তুষার কান্তি মন্ডল, রংপুর যুবলীগ নেতা আসাদুন্নবী হিরা, সমাজকর্মী ডা. মজিজুল ইসলাম মান্টু, রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম মিলন, রংপুরের সমাজকর্মী তানবীর হোসেন আশরাফী, আহবায়ক জনতার রংপুর ডা. সৈয়দ মামুন,  বাসদ নেতা আব্দুল কুদ্দুছ, রংপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত সরকার মুকুল, সমাজকর্মী জোবায়দুল ইসলাম বুলেটসহ সহিদুন্নবী জুয়েলের বন্ধু, সহকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

এম২৪নিউজ/আখতার