
নিউজ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জে আমগাছে ঝুলন্ত অবস্থায় তাঁরা মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কোরানীপাড়া কবরস্থানের একটি আম গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তাঁরা মিয়া উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, তাঁরা মিয়া সোমবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কোরানীপাড়া কবরস্থানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে তারাগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতের বড় ভাই সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাইকে ওরা ডেকে নিয়ে নিয়ে মেরে ফেলেছেন। র্দীঘদিন ধরে স্থানীয় একটি মহল আমার ভাই ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। আজ ওরা আমার ভাইকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ জানান, তাঁরা মিয়ার মরদেহ আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার