
নিউজ ডেস্ক:
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, আমার কাছে কেউ দুর্নীতি করে আশ্রয়-প্রশ্রয় পাবে না। এ শাখায় অনিয়ম-দুর্নীতির যেসব অভিযোগ পাওয়া গেছে, তা আমরা খতিয়ে দেখছি। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, এ জেলার কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণের জন্য কাজ করছি। কেউ যদি ভূমিহীন ও গৃহহীন থাকেন, তাকে বা তাদেরকে আবেদন করতে বলছি। আমরা তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, রংপুর মহানগরীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও নিষ্কাশন ব্যবস্থাপনায় শ্যামাসুন্দরী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের প্রয়োজনীয়তা আমরা বুঝি। এই খালের আধুনিকায়নে আমরা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্যদের নিয়ে কাজ করবো।
জেলা প্রশাসক বলেন, যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেটিও দেখা হবে। আমার আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। রংপুরের উন্নয়নের জন্য আমি সবার পরামর্শ ও সহযোগিতা চাই।
সভায় জেলার সাংবাদিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ডব্লিউ এম রায়হান শাহসহ জেলার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার