
রংপুর অফিস:
বছরে তিন লাখ টাকার উপরে আয় করা মানুষের সংখ্যা বাড়লেও জনসংখ্যার তুলনায় করদাতা না বাড়ায় দুঃখ প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ বুধবার দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। ‘করের টাকায় গড়লে দেশ- রইবে না আর ঋনের রেশ’ প্রতিপাদ্যে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে কর অঞ্চল-রংপুর।
মেয়র আরো বলেছেন, আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে অন্তত চার কোটি করদাতা হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় দেশে করদাতা মাত্র ২৯ লাখ। এই পরিসংখ্যান বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। যারা স্বাবলম্বী এবং বছরে তিন লাখ টাকার উর্ধ্বে আয় করছেন, তাদের উপরই কর প্রযোজ্য। কিন্তু তিন লাখের উপর আয় করা বেশির মানুষই করদাতার তালিকার বাহিরে। করদাতা বাড়লে রাজস্ব আদায় বাড়বে সঙ্গে উন্নয়নও তরান্বিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. মঞ্জুরুল আলম। সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান মো. দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, কর প্রদানে উৎসাহিত করা গেলে উন্নয়ন আরো তরান্বিত হবে। সরকার রাজস্ব আদায়ে গুরুত্ব বাড়িয়েছে। সারাদেশে মেলার আদলে আয়কর রিটার্ন গ্রহণের সঙ্গে নতুন করদাতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সবার প্রত্যাশা উন্নয়ন, কিন্তু কর দেবার বেলা একধরণের অনীহা কাজ করে। ভীতি দূর করে নিজে কর দেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ব্যতিত রংপুর কর অঞ্চলের আওতাধীন রংপুর মহানগরসহ বিভাগের সাত জেলা হতে চার ক্যাটাগরিতে ৫৮ জনকে সেরা করদাতা হিসেবে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এবারে এই অঞ্চলের প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে তিনজন, দীর্ঘ মেয়াদিতে দুইজন, মহিলা করদাতা একজন ও তরুন একজন করে সাত জেলা থেকে মোট ৪৯ জন এবং সিটি করর্পোরেশন থেকে সাতজনসহ মোট ৫৬ জনকে সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়।অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের আওতাধীন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং রংপুর সিটি করর্পোরেশনের সেরা করদাতারাসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার