
নিউজ ডেস্ক:
রংপুরের হারাগাছে প্রভাবশালীদের সহায়তায় কারামুক্ত হয়েছেন ধর্ষণে অভিযুক্ত শিক্ষক। এতে বিপদে পড়েছেন ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা।
বিচার না পেয়ে প্রভাবশালীদের ভয়ে মেয়েকে নিয়ে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
ভুক্তভোগীর বাবা জানান, শনিবার প্রাইভেট পড়ানোর কথা বলে তার মেয়েকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন হারাগাছ পৌর এলাকার আব্দুস সামাদের ছেলে সোহেল রানা। পুলিশ বাড়ি থেকে সোহেল রানাকে আটক করে। এরপর মামলা না নিয়ে ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান ও কাউন্সিলর মাহবুবুর রহমানের হাতে তুলে দেয়। রোববার রাতে সালিশের নামে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে চায় তারা। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর চড়াও হন চেয়ারম্যান ও কাউন্সিলর।
এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান ও কাউন্সিলর মাহবুবুর রহমান। তারা জানান, তাদের বিচার করার এখতিয়ার নেই।
হারাগাছ থানার ওসি নাজমুল কাদের জানান, এ বিষয়ে পরে কথা বলবেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।