‘নতুন বাংলাদেশের নব সূচনাকারী ছিলেন আবু সাঈদ’

অনলাইন ডেস্ক:

রংপুরে নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মজিদ আলী বলেছেন, নতুন বাংলাদেশের নব সূচনাকারী ছিলেন বীর আবু সাঈদ। তার বীরত্বের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় ও গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে। তার স্মৃতিমাখা এই রংপুর নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএমপি’র সব সদস্য নিরলসভাবে কাজ করে যাবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আরপিএমপি পুলিশ কমিশনারের হলরুমে রংপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নগর কমিশনার সাংবাদিকদের বলেন, বিগত সময়ে অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলার ডানা বেঁধে ছিল দেশের সর্বত্র। সেটি আবু সাঈদের প্রাণের মধ্য দিয়ে এখন নির্মুল হতে শুরু হয়েছে। ছাত্র আন্দোলনে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা হবে। এ থেকে কেউ রক্ষা পাবে না। অপরাধীরা তাদের অপরাধের মাত্রা অনুযায়ী সাজা পাবে। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আবু সাঈদের মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে যাদের যাদের নাম বেরিয়ে আসবে তাদের কেউই ছাড় পাবে না। সেইসঙ্গে ফেসবুক পুলিশিং, ধানকাটা, অতি মানবিক সো-অফ পুলিশিং কর্মকাণ্ড না করা কথা জানান এই নয়া পুলিশ কমিশনার।

রংপুর নগরীতে নারী, শিশু, বৃদ্ধ সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা যদি সবাই সবার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে রংপুর একটি সুন্দর নগরীতে পরিণত হবে।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সাজ্জাদ হোসেন বাপ্পী, জুয়েল আহমেদ, রেজাউল ইসলাম বাবু, নাজমুল ইসলাম নিশাত প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply