
রংপুর অফিস:
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি অভিযোগ করে বলেছেন ইউনিয়ন পরিষদে নৌকার দলীয় এবং বিদ্রোহী প্রার্থীদের সহিংসতা বিষয়টি উদ্বেগজনক। নৌকার প্রার্থীরা চায় লাঙ্গলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করুক এবং তারা বিনা ভোটে বিজয়ী হোক। এই অবস্থা চলমান থাকলে বিএনপি’র মতো জাতীয় পার্টিও আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না।
আজ শুক্রবার জুমার নামাজের পর রংপুর মহানগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অরাজকতার বিষয়টি আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি। আমি তাকে বলেছি, আপনার নৌকার প্রার্থীরা চান আমাদের লাঙ্গলের প্রার্থীরা তাদের প্রার্থিতা তুলে নিক আর তারা বিনা ভোটে নির্বাচিত হোক। যারা নাকি সরকারি দল নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে চায়, তারা ভোট না জোট করে নিবেন এই কষ্টটা তারা করতে চান না।
তিনি বলেন, আমি পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আপনার কর্মীদের একটু বলেন, তাদেরকে একটু নিয়ন্ত্রণ করেন। কারণ এভাবে যদি নির্বাচনের অবস্থা চলে তাহলে বিএনপির মতো আগামীতেও জাতীয় পার্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে নতুন ভাবে সিদ্ধান্ত নিবে।
এম২৪নিউজ/আখতার