পঞ্চম শ্রেণি পাস করেই এমবিবিএস ডাক্তার!

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর সেবা হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় হাসপাতালের মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করা হয়। সিলগালা করা হয়েছে ধাপ এলাকায় অবস্থিত ওই হাসপাতালটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে র‍্যাব-১৩ এ অভিযান চালিয়েছে। এতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযোগ উঠেছে, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। হাসপাতালটিতে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায় করাসহ নানাভাবে প্রতারণা করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-১৩।

অভিযানে আটক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করাসহ অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান। এসময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া চিকিৎসককে এক লাখ জরিমানা করা হয়।