
রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার অন্যতম হোতা গ্রেফতার সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামের বিরুদ্ধে নতুন করে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা করেছে র্যাব।
রোববার (২৪অক্টোবর) বিকেলে তাদের দু’জন কে পীরগঞ্জ বিচারক ফজলে এলাহী খানের আমলি আদালতে তোলা হয়েছে। আসামিরা হলো কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখার দর্শন বিভাগের কমিটির সদ্য অব্যাহতি পাওয়া সহসভাপতি সৈকত মন্ডল (২৪) ও তার সহযোগী মাঝিপাড়া বটেরহাট জামে মসজিদের ইমাম রবিউল ইসলাম (৩৬)।
রোববার সকালে সহিংসতার ঘটনায় ওই দুজনকে আসামি পীরগঞ্জ থানায় আইসিটি আইনে মামলা করে র্যাব-১৩-এর ডিএডি আব্দুল আজিজ। মামলার তদন্তে থানার উপ-পরিদর্শক সুদীপ্ত শাহীনকে দায়িত্ব দেয়া হয়েছে। এরআগে শুক্রবার (২২ অক্টোবর) রাতে ঢাকার টঙ্গী এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পীরগঞ্জে ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানাযায়।
রংপুর জেলা পুলিশের এএসপি কামরুজ্জামান বলেন, বিকেলে সৈকত মন্ডল ও রবিউল ইসলামকে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খানের আদালতে তোলা হয়েছে। সেখানে শুনানি চলছে। এর আগে দুপুরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ওই ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।
তিনি জানান, মাঝিপাড়ায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আজ রোববারের একটি সহ মোট তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় পৃথক মামলা হয়েছে। এই চার মামলায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সৈকত মন্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগের দর্শন বিভাগের সহসভাপতি পদে ছিলেন।
ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ায় গত ১৮ অক্টোবর তাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করে ছাত্রলীগ। পীরগঞ্জের ঘটনায় সৈকত মন্ডল ও ইমাম রবিউল ইসলামের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতি গ্রস্থদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় দায়ের করা চারটি মামলায় ৬৪ জন গ্রেফতার করেছে পুলিশ।
এম২৪নিউজ/আখতার