পীরগঞ্জে ঈদের রাতে বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১৫ জন। মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে পীরগঞ্জের শানেরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

শানেরহাট ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু জানান, মঙ্গলবার সকালে শানেরহাট খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), পাহাড়পুরের জাইদুল হক (৩৫) ও পাশের মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমারের (৩০) মৃত্যু হয়। এর আগের দিন সোমবার রাতে রায়তি সাদুল্ল্যাপুরের দুলা মিয়া (৫২) এবং হরিরাম সাহাপুরের লাল মিয়া (৩০), মাদক ব্যবসায়ী নওশা (৫০) মারা গেছেন। এরা শানেরহাট বন্দরে সোমবার রাতে মদপান করে ঈদ উদযাপন করছিল। এতে ওই রাতে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া পীরগঞ্জের ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিসহ (৩৬) ১০ জন অসুস্থ অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এরা সংঘবদ্ধ একটি দল। প্রতিনিয়ত শানেরহাট বন্দরে এরা স্পিরিট জাতীয় নেশাদ্রব্য পান করে। ওই নেশার ফলে তাদের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ওই ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার জানান, জেলা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। শিগগিরেই মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা হবে।