
নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার জেলেপল্লীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এসময় আগুনে পুড়েছে ২০টির বেশি ঘর। ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটিতে। এ ঘটনার ৪২ জন আটকের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (১৭ অক্টোবর) রাতে পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগের পর রোববার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূরে ১৮-২০টির বেশি বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বলেন, খবর পেয়ে রংপুর, মিঠাপুকর ও পীরগঞ্জের চারটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এম২৪নিউজ/আখতার