মিঠাপুকুরে দুই শিশুকে অপহরণের চেষ্টা, যুবক আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মিম আখতার (৭) ও মরিয়ম (৪) নামে দুই শিশুকে অপহরণের সময় আনিছার রহমান নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আনিছার রহমান বালুয়ামাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের দুলা শাহ’র ছেলে।

মায়ের পাশে দুই শিশু মরিয়ম ও মিম আখতার

সোমবার বিকালে ময়েনপুর পশ্চিম তিলকপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ড ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ময়েনপুর ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামের মহসিন মিয়া’র দুই মেয়ে মিম আখতার ও মরিয়ম বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এসময় অপহারণকারী আনিছুর রহমান ওই দুই শিশুকে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যায়। ময়েনপুর পূর্বপাড়া এলাকায় পৌঁছলে ওই দুই শিশুর চিৎকার শুনে সন্দেহ হলে মোটরসাইকেলটিকে আটক করে স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউএনও ফাতেমাতুজ জোহরা, উপজেলা চেয়ারম্যার জাকির হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান। উত্তেজিত জনতাকে স্বাভাবিক করে অপহরণকারীকে থানায় নিয়ে যায় পুলিশ।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অপহরণ চেষ্টার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply