পীরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেট কার ও রক্তমাখা ছুরি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩মার্চ) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের ধূলগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় একটি প্রাইভেটকারসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত কসটেপ ও রক্তমাখা ছুরি উদ্ধার উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী চক্রের সদস্য মোঃ কাওছার ইসলাম (২৫) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মোঃ সাইফুল ইসলামের ছেলে।

রবিবার সন্ধ্যায় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাতটার দিকে একেএম মুস্তাফিজুর রহমান গাজীপুরের কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গাড়ির চালক লুৎফর রহমান তার গাড়িটি নিয়ে কালিয়াকৈর রেন্ট এ কার মার্কেটে যাত্রীর জন্য অপেক্ষা করে। ওই সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা কালিয়াকৈরের লতিফপুর নামক জায়গা থেকে অসুস্থ লোক নিয়ে বগুড়া যাবে বলে গাড়িটি ভাড়া নেয়। ওইদিন রাত নয়টার দিকে গাড়ি চালক সেখান থেকে চারজন অসুস্থ রোগী নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে শনিবার সকাল সাতটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার চালক লুৎফরের বাড়িতে ফোন করে জানায় যে, গাড়ি চালক লুৎফর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরপর শনিবার সকালে তার গাড়িতে লাগানো জিপিএস ট্রাকারের মাধ্যমে জানতে পারে যে, তার গাড়িটি বর্তমানে রংপুরের পীরগঞ্জ এলাকায় রয়েছে। মুস্তাফিজুর রহমান সাথে সাথে পীরগঞ্জ থানা পুলিশ অবহিত করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পীরগঞ্জ থানা পুলিশ কাল বিলম্ব না করে অভিযানে নেমে পড়ে। পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ধূলগাড়ী গ্রামের মতিয়ার চৌধুরী রোডের খাজা মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে একটি প্রাইভেট কারটি উদ্ধার করে। এছাড়াও অভিযুক্ত কাওছার ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি কাউছার তার সহযোগী জনি, সাগর ও রোমিও ওরফে রবিন পরিকল্পনা করে অসুস্থ লোক নিয়া বগুড়া যাবে বলে গাড়িটি বগুড়ায় না নেমে শনিবার ভোর পাঁচটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট থানার রানীগঞ্জে রামেশপুর বটেরতল এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে গাড়ি চালককে ধারালো ছোরা দ্বারা পেট, পিঠ ও বাম কাধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে আসে।

পরে স্থানীয় লোকজন চালককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply