
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিসের কর্মীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খালাসপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাইসাইকেল আরোহী তোফাজ্জল হোসেন (৬৫) ও মোটরসাইকেল চালক আসাদুজ্জামান (৩৫)। দুইজনের বাড়ি পীরগঞ্জ উপজেলার খালাসপীর এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুর জেলার নবাবগঞ্জ ফায়ার সার্ভিসে কর্মরত আসাদুজ্জামান (৩৫) মোটরসাইকেল যোগে খালাসপীর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলে আসা তোফাজ্জল হোসেনের (৬৫) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এম২৪নিউজ/আখতার