মানুষ যেন বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে: এসপি বিপ্লব কুমার

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগঞ্জ থানার আয়োজনে দ্বিতীয় বারের মতো মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় অফিসার ইনচার্জ এর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।

এসপি আরো বলেন, থানা পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করবে। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচার আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো।

সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়ে পীরগঞ্জ থানা এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এসপি বিপ্লব কুমার সরকার।

অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল) আরমান হোসেন এবং পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম তালুকদার প্রমুখ।