
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর শতাধিক রোগী দেখেছেন এক পল্লী চিকিৎসক। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সানোয়ার হোসেন।
তিনি জানান, করোনা আক্রান্ত ওই পল্লী চিকিৎসকের বাড়ি পীরগাছার তাম্বুলপুর গ্রামে। তিনি সোমবার জ্বর ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরো জানান, ওই পল্লী চিকিৎসক নমুনা জমা দেয়ার পর থেকে রিপোর্ট পাওয়া পর্যন্ত শতাধিক রোগী দেখেছেন। তার করোনা পজিটিভ আসায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার রাতেই ওই চিকিৎসকের বাড়ি লকডাউন করে দিয়েছে।