পীরগাছায় অর্থের বিনিময়ে জুয়াড়িকে ছেড়ে দেয়ার অভিযোগ, এসআই ক্লোজ

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে থানায় আনার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে জগদিশ রায় নামের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) বিরুদ্ধে। এঘটনায় ওই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুন) দুপুরে পীরগাছা উপজেলার রেলস্টেশন এলাকা থেকে সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে থানায় এনে মধ্যরাত পর্যন্ত দেনদরবার করার পর অবশেষে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জগদীশ রায়কে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, জুয়াড়িকে থানায় আনার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেযার অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীর পরিবারের দাবি, সাজু মিয়া পূর্বের দুটি জুয়ার মামলায় জামিনে থাকলেও তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। জামিনের জামিনের রি-কল জমা দেয়ার পরও তাকে ছেড়ে দেয়া হয়নি। পরিবারের সদস্যরা তাকে ছাড়াতে পীরগাছা থানায় গেলে কৌশিক ও হৃদয় নামে দুই স্থানীয় দালালের মাধ্যমে কথা বলতে বলে এসআই জগদীশ রায়। পরে তাদের দাবিকৃত ১০ হাজার টাকা দিলে রাত ১২ টায় ছেড়ে দেয়া হয়।

এব্যাপারে ভুক্তভোগী সাজু মিয়া জানান, এক সময় জুয়া খেলার সাথে জড়িত থাকলেও বর্তমানে সম্পৃক্ত নেই। পূর্বের দুটি মামলায় জামিনে থাকলেও পুলিশ বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে চলেছে। বাড়িতে শুয়ে ছিলাম সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। পরে আমার ছোট ভাই এসআই জগদীশকে ১০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জগদিশ রায়ের কোন বক্তব্য পাওয়া যায়নি। আমাদের প্রতিদিন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply