পীরগাছায় প্রথম পুলিশসহ দুজন করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশসহ দুজনকে শনাক্ত করা হয়েছে। রংপুরের আট উপজেলার মধ্যে সর্বশেষ উপজেলা হিসেবে পীরগাছায় আক্রান্ত রোগী পাওয়া গেল।

এদের মধ্যে পীরগাছা থানায় কর্মরত এক উপপরিদর্শক (এসআই) ও ১৫ বছর বয়সী কিশোরী রয়েছে। গত চার দিন আগে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের দুজনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের একজন পীরগাছা থানায় কর্মরত ও আরেক জন তাম্বুলপুর ইউনিয়নের আরাজীদেবু গ্রামের বাসিন্দা।

শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে ওই দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

আক্রান্ত কিশোরীর বাবা জানান, তার মেয়ের নমুনা সংগ্রহের শুরুতে সামান্য জ্বর থাকলেও এখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছে। 

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, দুজনেরই উপসর্গ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে থাকবে। চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: কালেরকন্ঠ।