
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।
পুলিশ জানায়, আজিজার রহমান নিজেদের পুকুরে মাছ চাষ করেন। সোমবার রাত ১২টার দিকে আজিজার রহমান ও তার ছেলে সুমন পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। এরপর আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
এম২৪নিউজ/আখতার।