পীরগাছায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যা, থানায় মামলা

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মিজানুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত নূর আলমকে আটক করেছে পুলিশ। তিনি সাহেববাজার এলাকার ভোলা মিয়ার ছেলে।

রবিবার বিকেলে আটক নুর আলমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৯ মার্চ) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমানের ভাতিজি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন নূর আলম। বিষয়টি পরিবারকে জানালে নূর আলমকে বারণ করেন মিজানুর। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে শনিবার সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় মিজানুরকে পিটিয়ে ফেলে রেখে চলে যান নূর আলম ও তার সহযোগীরা।

পরে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বখাটে নূর আলমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply