বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : এসপি বিপ্লব

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই উল্লেখ করে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, আমি আপনাদের কাছে এই আশা করব যে, আপনারা হবেন আমার গর্বের বিষয়।

রংপুর জেলার মানুষ যেন আপনাদের জন্য গর্ব অনুভব করতে পারে। আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা যদি সৎ পথে থেকে ভালোভাবে কাজ করেন, যদি দুর্নীতির ঊর্ধ্বে থাকেন, তাহলে দুর্নীতি দমন করতে পারবেন। আপনারা যদি আজকে ভালোভাবে থাকেন, শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে আমি বিশ্বাস করি যে, থানায় ভালো অফিসার আছেন এবং ভালোভাবে কাজ করছেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে না। কারণ, তারা সবসময় সজাগ থাকেন এবং দুষ্টকে দমন করেন। যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে থানাগুলোতে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারবে না।

শনিবার (২৩ জানুয়ারি) রংপুরের কাউনিয়া থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রংপুর জেলায় অপরাধের হার কমানোর ক্ষেত্রে ব্যপক সাফল্য পেয়েছে রংপুর জেলা পুলিশবাহিনী। ভালো কাজের পুরস্কারস্বরূপ পুরস্কারও পাচ্ছেন আগের চেয়েও বেশিসংখ্যক পুলিশ সদস্য। কিন্তু এর পরও পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে বেশ অসন্তোষ রয়েছে। কেউ যদি অন্যায়ভাবে আটক হয় তার প্রভাব বেশি থাকে। সামান্যতম বিচ্যুতিও মানুষকে প্রভাবান্বিত করে। সে জন্যই হয়তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে। অল্প হলেও এর প্রভাব অনেক। পুলিশকে আইনত মানুষের স্বাধীনতা খর্ব করার অধিকার দেয়া আছে ন্যায়সঙ্গত উপায়ে। কিন্তু সবসময় ন্যায়সঙ্গত উপায়ে সেটি হয় না। অনেক সময় মানুষের নাগরিক স্বাধীনতা সঙ্গত কারণেই ক্ষুণ্ণ হয়। আর সে জন্য মানুষের ক্ষোভ বেশি থাকে।

সভায় কাউনিয়া থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসপি বলেন, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, কাউনিয়া থানা এলাকার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার সহ থানার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন নির্দেশ দেন।

অফিসার ইনচার্জ এর কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান।

কাউনিয়া থানায় আয়োজিত অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, সহকারী পুলিশ সুপার, (সি-সার্কেল) মোঃ আরমান হোসেন ও সদর কোর্ট পুলিশ পরিদর্শকসহ  কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই ও এএসআইগণ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার