বঙ্গবন্ধু ম্যুরালে হামলার প্রতিবাদে বিক্ষোভ, আল্টিমেটাম

নিউজ ডেস্ক:

নগরীর প্রাণকেন্দ্র ডিসির মোড় এলাকায় রংপুর জেলা স্কুলের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পুষ্পস্তবক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই তাণ্ডব চালিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। সড়ক অবরোধ করার কারণে নগরীর ব্যস্ততম কাছারী বাজারসহ পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। এতে করে পুরো ম্যুরাল ফুলে ফুলে ভরে যায়।

সোমবার গভীর রাতে কে বা কারা বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করা সবগুলো ফুলের মালাসহ ফুল ছিড়ে এবং ককসিটসহ অন্যান্য জিনিসপত্র নিচে ফেলে দিয়ে পদদলিত করে। এ ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধী চক্রকে দায়ী করে। তারা ৪৮ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়।

খবর পেয়ে জেলা প্রশাসক আসিফ আহসান, রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, ঘটনাটি দুঃখজনক পুরো। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবই।

এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, দায়ীদের গ্রেফতারের দাবিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ১২টায় নগরীর সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এলাকা রংপুরের পীরগঞ্জে দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, এটা জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। ম্যুরালে থাকা ফুল ছিড়ে ফেলে তছনছ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সড়ক অবরোধ চলবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জানান, জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রংপুর জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ চলবে। আমরা দ্রুত দায়ীদের গ্রেফতার চাই। প্রশাসনের দৃশ্যমান কর্মকাণ্ড দেখতে চাই।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন।

One thought on “বঙ্গবন্ধু ম্যুরালে হামলার প্রতিবাদে বিক্ষোভ, আল্টিমেটাম

Comments are closed.