
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে অটোচালিত রিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছে। এতে রিকশার যাত্রী বদরগঞ্জ কৃষি অফিসের পিয়ন সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত রিকশার চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি রংপুরে বলে জানা গেছে।
আজ সোমবার বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈরাগীর মোড় এলাকায়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদরগঞ্জ কৃষি অফিসের জরুরি কাগজপত্র নিয়ে রংপুর থেকে ভাড়া করা একটি রিকশায় বদরগঞ্জ যাচ্ছিল সেলিম মিয়া। বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈরাগীর মোড় এলাকায় পৌঁছলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত হন। গুরুতর আহত হন সেলিম মিয়া।
বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দিন বলেন, নিহতের পরিচয় জানতে চেষ্টা চলছে। লাশ রংপুর মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: কালের কন্ঠ।