বদরগঞ্জে খেলতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে খেলতে যাওয়ার পথে ট্রাক চাপায় সিয়াম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ মার্চ) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর এলাকায় ঘটনাটি ঘটে।

সিয়াম ওই এলাকার প্রধানপাড়ার ফারুক হোসেনের ছেলে ও স্থানীয় দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সিয়াম খেলার জন্য বাড়ি থেকে বেড়িয়ে তারাগঞ্জ-লালদিঘী সড়কের শালবাগান এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ছুটে আসা একটি ট্রাক সিয়ামকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় সিয়াম। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহত শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply