বদরগঞ্জে গুদাম ঘর থেকে ৪ হাজার ফেনসিডিল উদ্ধার, আটক ১

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে লবন ও মসল্লার গুদামঘর থেকে ৩৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ইউরিয়া সারের বস্তা ও কার্টুনের ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচ তলায় একটি গুদাম ঘর থেকে এসব উদ্ধার করা হয়।

সিআইডি ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, প্রায় দুই বছর আগে মসলা ও লবনের ব্যবসা করার জন্য ভবন মালিক মোজাফ্ফর হোসেনের কাছ থেকে গুদাম ঘর ভাড়া নেন মশিউর রহমান। সেখানে তিনি মসল্লা ও লবনের ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিআইডি পুলিশের অভিযানে ১২টি বস্তা ৪ কাটুন থেকে ৩৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল ছাড়াও গুদাম ঘরে সামান্য কিছু মসলা, লবন ছিল।

সিআইডির পরির্দশক ফেরদৌস ওয়হিদ জানান, মসল্লা ও লবনের ব্যবসার আড়ালে মসিউর মাদকের ব্যবসা করছে এ ধরনের সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে ঘটনাস্থলে পাহারা বসানো হয়। পরে গুদাম ভাড়াটিয়াকে ডেকে এনে গুদাম থেকে কয়েক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।