বদরগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে মাহবুবা আক্তার মেরি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেরি (১৮) রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপার মেনহাজুল হকের মেয়ে। সে ওয়ারেসিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। এদিকে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ।

এলাকাবাসী, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিজ ঘরে মেরিকে গলাকাটা অবস্থায় দেখে মেরির মা নুরনাহার চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তার গলা কাটা দেখতে পায়। তাদের সামনেই অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে মেরী।

নিহত মেরীর ছোট বোন মনিরা সুলতানা আর্তনাদ করে বলেন, ‘হঠাৎ করে আমার বোনের কি হল কিছুই বুঝতে পারছি না।’

তার মা নুর নাহার বলেন, ‘শোয়ার ঘরে মেয়ের চিৎকার শুনে গিয়ে দেখি গলায় ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। কিছুক্ষণ পরে মেয়েটা নিস্তেজ হয়ে যায়। আমার মেয়ের মৃগি রোগের কারণে ছোট বেলা থেকে অসুস্থ। এ কারণেই সে আত্মহত্যা করতে পারে।’

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘গলাকাটার বিষয়টি রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে কাজ করছে পিবিআইসহ ক্রাইম সিনের সদস্যরা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply