বদরগঞ্জে মা-মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ

নিউজ ডেস্ক:

পূর্বশত্রুতার জের ধরে রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূ ও তাঁর স্কুল পড়ুয়া মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের ফয়েজেরপাড়া এলাকায় পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত মা-মেয়েকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

ভুক্তভোগীদের স্বজনরা জানায়, কালুপাড়া ইউনিয়নের ফয়েজেরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মশিয়ার রহমান প্রায় ছয় মাস আগে ওই স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা আদালতে মশিয়ার রহমান এবং তাঁর দুই সহযোগী মনোয়ার হোসেন ও আজির হোসেনের নামে মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। পরে পিবিআই অভিযুক্তদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

স্কুলছাত্রীর স্বজনদের অভিযোগ, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই আসামিরাই দলবল নিয়ে বাড়ি ফেরার পথে মা ও মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়।

হাসপাতালে আহত মা জানান, সাত থেকে আটজন মিলে গলায় ওড়না পেঁচিয়ে তাঁদের শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। ওই সময় পথচারীদের দেখে রাস্তার পাশে একটি লিচু বাগানের ভেতর তাঁদের ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্কুলছাত্রীর বাবা জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজানা চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ।