বদরগঞ্জে শিশু রিতু মনিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নিউজ ফলোআপ-

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরের বদরগঞ্জে নিখোঁজ হওয়ার দুদিন পর রিতু মনি নামে আট বছরের শিশুর লাশ যমুনেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বদরগঞ্জ থানার পুলিশ। স্বজনদের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগজ্ঞ উপজেলার বৈরামপুর মিয়া পাড়া গ্রামে।

গত সোমবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বদরগজ্ঞ থানার (ওসি তদন্ত) আরিফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বদরগজ্ঞ থানার ওসি (তদন্ত) আরিফুল আলী জানায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার বৈরামপুর মিয়াপাড়ার সোলায়মান হোসেনের আট বছরের শিশু কন্যা রিতু মনি। ১৩ জুন বাসা থেকে বান্ধবীদের সাথে খেলাধুলা করতে বাড়ির অদূরে মাঠে গিয়েছিল। এরপর তার আর সন্ধান পায়নি স্বজনরা। এ ঘটনায় পরদিন ১৪ জুন রবিবার নিখোঁজ রিতু মনির বাবা সোলায়মান হোসেন বদরগঞ্জ থানায় সাধারণ ডায়রি করে। অবশেষে সোমবার (১৫ জুন) দুপুরে তার মরদেহ পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান এলাকায় যমুনেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। এরই মধ্যে রিতু মনির স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে শিশু রিতু মনির মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নিহত রিতু মনির বাবা সোলায়মান হোসেন বলেন, ‘আমার মেয়ে খেলতে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে।’ এ ঘটনায় তিনি কয়েকজনের ওপর তার সন্দেহ হয় বলে পুলিশকে জানিয়েছে। মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার এসআই আখতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিখোঁজের দুদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আগে একটি থানায় সাধারণ ডায়রি হয়েছে।

বদরগঞ্জ থানার (ওসি তদন্ত) আরিফুল আলী বলেন, ‘এখনও কোন মামলা হয়নি এবং কাউকেই গ্রেফতার করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরো বলেন, ‘লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।’

এম২৪নিউজ/আখতার।