
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে নিখোঁজের ১২ঘণ্টা পর সুইম বাবু নামে দেড় মাস বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৮ মার্চ) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আরাজী দিলালপুর বানিয়াপাড়ায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম হামিদুল হক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিশুটির মা ফরিদা বেগম শিশুটিকে ঘরে রেখে বাইরে যায়। এসে দেখেন ঘরে শিশুটি নেই। পরে হামিদুলকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় পুলিশকে। সারারাত কোথাও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে সকালের দিকে বাড়ির পাশে একটি ডোবার কিনারে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শিশুটির বাবা হামিদুল হক বলেন, কারো সঙ্গে আমার বিরোধ নাই। কিন্তু কে আমার বুকের মানিককে হত্যা করলো।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার