
রংপুর অফিস:
রংপুরে যুবলীগের সম্মেলনে যোগ দিতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে দেশ রসাতলে যাবে বিষয়টি তেমন নয়। আমরা ঋণ নেওয়াসহ সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করছি। দেশের অর্থনৈতিক প্রয়োজন বোধ করলে ঋণ নেবো।
শনিবার বেলা সোয়া ১১টায় রংপুর নগরীর চিকলী বিনোদন পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশে দুর্ভিক্ষ হতে পারে’’। এর পাশাপাশি বলেছেন, ‘‘দেশে যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে’’।প্রধানমন্ত্রী আমাদের এই ম্যাসেজ দেওয়ার মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। বিশ্বব্যাংকের ব্যাপারও তাই। আমাদের রিজার্ভ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আশা করি বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে, এতে কোনও সমস্যা হবে না। আমাদের অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তাদের দেওয়া শর্ত পরীক্ষা করে দেখছে। আমরাও চিন্তা-ভাবনা করছি। বাণিজ্যমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বিশ্ব বাজারে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেয়। সেটা আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।
বানিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, বিদেশে পোশাক রফতানিতে এই মুহূর্তে একটু নিম্নমুখী প্রবণতা আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির ওপর চাপ পড়েছে। এ জন্য পোশাক রফতানি কমেছে। তবে আগামী জানুয়ারি-ফেব্ররুয়া মাষে বড় ধরনের অর্ডার আমরা পাবো এই সেই ক্ষতি পুষিয়ে যাবে। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে রংপুরে আসেন বাণিজ্যমন্ত্রী।
দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এ সময় রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার