ভোটের মাঠ সমান নয়: রিটা রহমান

নিউজ ডেস্ক:

রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটের মাঠ সমান নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান। আজ শনিবার সকাল ১০টায় নগরীর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে এ অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, গত রাতে সদর আসনের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। ভোরবেলা আবার আমরা সেগুলো পাঠিয়েছি। এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন: রংপুর-৩ উপনির্বাচনে ভোটার উপস্থিতি হাতেগোনা

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল। আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন, নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা পক্ষপাতিত্ব করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।

আরো পড়ুন: রংপুর-৩ উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত, তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। ভোটাররা ভোটের পরিবেশ সুষ্ঠ না হওয়ায় ভোট দিতে আসছেন না। স্বাভাবিক পরিবেশ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন বলেও দাবি করেন তিনি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

Leave a Reply