
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর ভুয়া র্যাব, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চার ডাকাতকে আটক করেছে র্যাব-১৩। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ৫টায় তাজহাট উপজেলার বায়তুলহুদা জামে মসজিদের দক্ষিণে প্যানেল মেয়র মোছা. ফরিদা কালামের ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি লোহার দন্ড, আটটি মোবাইল ফোন এবং ২৯টি সিমকার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ডাকাতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আটক ডাকাতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট থানার বালাকান্দি গ্রামের মো. হামিদ মণ্ডলের ছেলে মো. মেহেদী হাসান শিলু (২৪), একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান আপেল (২৬), কুড়িগ্রাম সদরের নয়াগ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম ভুট্টো (৩০), রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের পবিত্র রায়ের ছেলে শ্রী স্মরণ রায় (২০)।
র্যাবের এএসপি মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্ত্তুজা শুক্রবার রাতে এক প্রেস বার্তায় জানান, গত ২৫ নভেম্বর ২০২০ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর (ঢাকা রংপুর হাইওয়ে) নামক স্থানে রাতে র্যাব এবং ডিবি পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা সংঘটিত হয় এবং সাদেক বাদশা (৪৫) নামক একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। ঘটনাটি সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হলে র্যাব-১৩ অনুসন্ধানে নামে। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যে ডাকাতদের অবস্থা নিশ্চিত হওয়া অপরাধীদের আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, মহাসড়কে গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গত রবিবার ভাংনি ইউনিয়নের বেতগাড়া গ্রামের একটি মাদরাসা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ঘটনার দিন পাঁচজন গরু ব্যবসায়ী লালমনিরহাট জেলার বড়বাড়ি বাজার হতে গরু ক্রয় করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার উদ্দেশ্যে গমনকালে আনুমানিক রাত দেড়টায় দমদমা বাজার পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৫/৭ জন লোক নিজেদের র্যাব/ডিবি পরিচয় দেয় এবং গরু ব্যবসায়ীদের গরু ক্রয়ের চালান দেখাতে বলে এবং মাদক ও জাল টাকা আছে মর্মে তল্লাশি করে। তল্লাশি কালে গরু ব্যবসায়ীদের কাছ থেকে আনুমানিক তিন লাখ টাকা নিয়ে ডাকাত দল তাদের ব্যবহৃত মাইক্রোবাস যোগে ঘটনাস্থল থেকে দ্রুত রওনা করে আনুমানিক তিন-চারশ মিটার যাওয়ার পর পুনরায় ঘটনাস্থলের দিকে ফিরে আসে। ঘটনাস্থলে মাইক্রোবাসটি ফিরে আসতে দেখে গরু ব্যবসায়ীরা গতিরোধ করতে চাইলে মাইক্রোবাস দ্রুত গতিতে তাদের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে সাদেক বাদশা ও সাজু মিয়া গুরুতর জখম হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক বাদশাকে মৃত ঘোষণা করে।
এম২৪নিউজ/আখতার