
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গত শনিবার রাত থেকে টানা বৃষ্টির তোপে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টি হচ্ছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রংপুরে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
খোজ নিয়ে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা অতি বর্ষনের তোড়ে ভেঙ্গে গেছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে আশেপাশের ৮টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লোহনী গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, মানুষ যেন কষ্ট না পায় এজন্য খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। বজ্রপাতে নিহত দুখু মাহাতো-র বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারের খোজ খবর নেওয়া হয়েছে।
এম২৪নিউজ/কবির