
স্টাফ রিপোর্টার:
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকার এসিআই কোম্পানির সামনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে। এই দূর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে সামনের চাকা বাস্ট হয়ে দূর্ঘটনার শিকার হয় বাসটি।

নিহত ব্যক্তির নাম মনারুল ইসলাম (৩২)। তিনি রংপুর কোতয়ালী থানার দেওডোবা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাসটি উপজেলার বলদীপুকুর এলাকার এসিআই কোম্পানির সামনে এলে বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যেই কোনকিছু বোঝার আগেই বাসটি উল্টে যায়। স্থানীয়রা বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে উল্টে পড়ে থাকা বাসের ভিতর থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় নিহত ১ জনকে উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, দূর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। যানজট নিরসনে বাসটি উদ্ধারের জন্য কাজ চলছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার