
রংপুর অফিস:
রংপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস গতকাল ৯জুলাই চলাচল করেনি। ১১ জুলাইও চলাচল করবে না। যাত্রী কম ঈদে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকা এবং ট্রেনের মেইনটেনেইন্সের কাজের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে স্টেশনের সুপার শংকর গাঙ্গ্গুুলী।
রেলওয়ের বরাতদিয়ে তিনি জানান, ঈদের আগের দিন ৯ জুলাই ঢাকা থেকে রংপুরে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস চলাচল করবে না। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে না আবার রংপুর থেকে ঢাকাও যাবে না।একই কারনে ঈদের পরদিন ১১ জুলাই ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে পরদিন থেকে যথারীতি চলাচল করবে।
ঈদের আগের দিন এবং পরদিন ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রেলওয়ের যাত্রীরা।
রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, কয়েকজন যাত্রী ঈদের পরদিন রাতের টিকিট নিতে এসেছেন। কিন্তু টিকিট না পেয়ে ফিরে গেছেন।
রংপুর নগরীর কামাড় পাড়া মহল্লার বাসিন্দা রিপন জানান, তার এক আত্মীয় অসুস্থ। তাকে দেখতে ঈদের পরদিন ঢাকায় যাওয়ার টিকিটের জন্য স্টেশনে এসে জানলেন ট্রেন যাবে না। হঠাৎ রেলওয়ে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।নগরীর আলমনগর এলাকার সামসুল ইসলাম বলেন, দুই দিন ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত রেল কতৃপক্ষের অমানবিক সিদ্ধান্ত।
রংপুর রেলওয়ে স্টেশনের সুপার শংকর গাঙ্গুগুলী বলেছেন, ঈদের আগের দিন ও পরদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, ঈদের এই সময়টাতে যাত্রী কম ও হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকে, রংপুর এক্সপ্রেস ট্রেনের যাবতীয় খরচ বেশি হয়। এজন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন রাতের সাত-আটটি টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর রংপুর এক্সপ্রেসের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে আন্তঃনগর যাত্রীদের।
এম২৪নিউজ/আখতার