
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ।
রবিবার মাহিগঞ্জ থানার ২৯ নং ওয়ার্ডস্থ আব্দুল্লাহ পেট্রোল পাম্প এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ রোকোনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন ফাঁকা জায়গা থেকে একটি সাদা পুরাতন সারের বস্তার ভিতরে রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৭ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পলাতক আসামীরা হলেন- সাতমাতা শনিবাড়ী রেল বস্তি এলাকার আমজাদ হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও তার দুই ছেলে মোঃ বাদল মিয়া (২৮) ও জনি মিয়া (২৩)।
পলাতক আসামীদের বিরুদ্ধে আরপিএমপি, মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদের গ্রেফতারে মাহিগঞ্জ থানা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার