রংপুরের হারাগাছে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, আটক ৪

নিউজ ডেস্ক:

রংপুরের হারাগাছে এক কলেজছাত্রীকে অপহরণের সময় অপহরণকারী দলের চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। শনিবার সন্ধায় হারাগাছ-সাহেবগঞ্জ সড়কের বটতলা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন, হারাগাছ পৌর এলাকার সারাই নিউ কাজীপাড়া কসাইটারী গ্রামের তৈয়ব আলীর ছেলে শুকুর আলী, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে নাসিম মাহমুদ, মফিজ উদ্দিনের ছেলে আলম মিয়া ও ধুমেরকুঠি পশ্চিমপাড়ার আজিজুল ইসলামের ছেলে মাইক্রোচালক মনারুল ইসলাম।

ওই কলেজছাত্রী রংপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদকুটির জাকারিয়ার মেয়ে এবং হারাগাছ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে মেয়েটির মা অপহরণের মূলহোতা আসাদুজ্জামান শুভসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

হারাগাছ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক জানান, শনিবার কলেজছাত্রী জাকিরা আফরিন সাথী রংপুর থেকে প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলো। এ সময় সাহেবগঞ্জ-হারাগাছ সড়কের বটতলায় শুভর লোকজন অটোরিকশার চালকের পথরোধ করে। এ সময় অপহরণকারীরা অটোচালকের গলায় ছুরি ধরে কলেজছাত্রী সাথীকে অটো থেকে নামিয়ে তার হাত-পা ও মুখ বেধে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে।

আরো পড়ুন: রংপুরে আ.লীগের বর্ধিত সভায় দু’ পক্ষের হাতাহাতি, বহিষ্কার ১

এক পর্যায়ে অটোচালক চিৎকার দিলে পাশের ডিনারের ইটভাটায় কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে এবং তিন যুবক ও মাইক্রোচালককে আটক করে। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি নির্দেশে ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পৌছে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, অপহরণের মুলহোতা আসাদুজ্জামান শুভ বখাটে। তার বিরুদ্ধে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া অপহরণকারী আটক তিন যুবক স্থানীয় বখাটে। এরমধ্যে শুকুর আলী আব্দুর রহমান দাখিল মাদরাসার দশম শেণির ও  নাসিম মাহমুদ, হারাগাছ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আরপিএমপি হারাগাছ থানার ওসি এ.কে.এম নাজমুল কাদের বলেন, এ ঘটনায় মেয়েটির মা অপহরণের মূলহোতা আসাদুজ্জামান শুভসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার আটক চারজনকেই গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।

Leave a Reply