
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে আজ মঙ্গলবার থেকে ভারি বৃষ্টির আশংকায় আগাম বার্তা দিয়েছে রংপুর আবহাওয়া অফিস। গতকাল সোমবার রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
কয়েক দিন বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রংপুরে ভারি বৃষ্টিপাত হওয়ার পর বর্তমানে অনেকটা তাপ নিয়ে প্রকৃতিতে দেখা মিলেছে গরমের। তবে এই গরমের এর স্থায়িত্ব কম। আবারও ভারি বর্ষণের আশংকা করছে আবহাওয়া অফিস। এই বর্ষণ ২ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে।
রংপুর আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানায়, কয়েকদিন টানা বর্ষণে রংপুরে দুর্ভোগ নেমে এসেছিল। নিচু এলাকাগুলোতে কয়েকদিন পানি জমে ছিল। আকাশ পরিস্কার হওয়ায় অনেকটা দুর্ভোগ কমেছে জনসাধারণদের। আকাশে রোদ থাকায় দিনের বেলা গরম এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে রংপুর অঞ্চলে রাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
এম২৪নিউজ/আখতার