রংপুরে করোনায় আরও দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ও রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন, রংপুর নগরীর মাহিগঞ্জের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৬৮) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা খালেদ হাবিব মুকুল (৫০)। তোফাজ্জল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ জুন এই হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন্নবী জানান, এনিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

তিনি জানান, করোনা ছাড়াও তোফাজ্জল হোসেন ডায়াবেটিসে ভুগছিলেন। দুইদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। বুধবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারীর খালেদ হাবিব মুকুলের মৃত্যু হয়। উপজেলায় তথা কুড়িগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগী হিসাবে তিনি প্রথম মারা যান।

এ প্রসঙ্গে চিলমারীর উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, করোনা আক্রান্ত খালেদ হাবিব মুকুল মারা যাওয়ার খবর পেয়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। মরদেহ নিয়ে আসা হলেও স্বাস্থ্য বিধি মোতাবেক তাকে দাফন করা হবে।

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে রংপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৮ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে ৪৪০জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪জন।

এম২৪নিউজ/আখতার