
নিউজ ডেস্ক:
রংপুর মহানগরীতে পণ্যের মূল্য তালিকা না থাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রংপুর জেলা কার্যালয় এবং র্যাব -১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন।
পণ্যের মূল্য তালিকা না রাখায় জনতা চাল ঘরের মালিক মো. আ. মান্নানকে চার হাজার টাকা, সামাদ চাল আড়তের মালিক শাহ আলমকে দুই হাজার টাকা, রিনা চাল ঘরের মালিক মো. মুজিবুর রহমানকে চার হাজার টাকা এবং মমিনুল ট্রেডার্সের মালিক বাদশা মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রংপুর মহানগরীর জিএল রায় রোডস্থ পশ্চিম খাসবাগ এলাকায় অভিযান চালিয়ে আলম ডাল মিলস ও আলম মসলা মিলস এর মালিক মোঃ মোশারফ হোসেনকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়
রংপুর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. আহসান হাবীব জানান, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করছিল প্রতিষ্ঠানটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয় ও বিপুল পরিমাণ নকল মসলা জব্দ হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।