
নিউজ ডেস্ক:
বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে রংপুর মহানগরীর দুটি ওয়ার্ডের শত শত বাড়ি, স্থাপনা, কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে করে ঝুঁকির মুখে রয়েছে হাজারো মানুষের জীবন। সেখানকার অনেক বাড়িতে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ করেছে নেসকো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ও ১৯নং ওয়ার্ডের সংযোগ স্থল খটখটিয়ার টাইগারপাড়া লালপুল ব্রিজ মোড় এলাকার এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা জুড়ে বসানো হয়েছে বাঁশের খুঁটি। যার উপর ভরসা করেই তিনশ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণে প্রায় ৫০০ গজ গিয়ে থেমে গেছে বিদ্যুৎ লাইন। দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটির জন্য চেষ্টা করছিলেন তারা। কিন্তু খুঁটির ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ বাঁশ বসিয়ে সংযোগ দিয়েছে। গত পাঁচ-ছয় বছর এভাবেই চলছে বিদ্যুৎ সরবরাহের কাজ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানিয়েছে, একশ গজের বেশি দূরত্বে সার্ভিস লাইন দেয়ার কোনো নিয়ম নেই। একশ গজের অতিরিক্ত দূরত্ব হলে অবশ্যই খুঁটি দিতে হবে, অন্যথায় সংযোগ দেয়া যাবে না। অথচ এ এলাকায় এক কিলোমিটারের বেশি দূরে গিয়ে খুঁটি বসানো হয়েছে। মাঝের স্থানগুলোতে বসানো হয়েছে বাঁশের খুঁটি।
এ ব্যাপারে জানতে চাইলে নেসকোর নির্বাহী প্রকৌশলী-৩ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংযোগগুলো নানা সময় দেয়া হয়েছে। এলাকার মানুষের তদবিরে সংযোগগুলো দেয়া হয়ে থাকতে পারে। তবে ঝুঁকিমুক্ত করতে তারা ওই স্থানে দ্রুত খুঁটি বসাবে।
উল্লেখ্য, এলাকাটির ওই দুই ওয়ার্ডের পাঁচ শতাধিক পরিবারে বিদ্যুতের সংযোগের চাহিদা থাকলেও ঝুঁকির কথা বিবেচনায় অনেকেই সংযোগ নেননি। তাই তিন শতাধিক বাড়িতে রয়েছে বিদ্যুতের সংযোগ। বছরের পর বছর বাকি পরিবারগুলো বঞ্চিত হয়ে চললেও খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়া হয়নি। তাছাড়া দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে এমন অবস্থার কথা জানালেও এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
সূত্র: ডেইলী বাংলাদেশ।