
অনলাইন ডেস্ক:
রংপুরে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণধিকার পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শেরে খোদা আব্দুল্লাহ।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশের প্রধান অতিথি নুরুল হক নূর তার বক্তব্যে বলেন, আমাদের রাষ্ট্রের ও পুলিশের সংস্কার প্রয়োজন। তবে সবকিছুর আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছরে এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবি জানান নূর। এছাড়া সংখ্যাপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, রাজনীতির নামে যেন লুটপাট ও চাঁদাবাজি না হয় এবং সাধারণ মানুষ যেন রাজনীতি করতে পারে ও নেতৃত্ব দিতে পারে তার ব্যবস্থা করার আহ্বান জানান। কালো টাকার প্রভাব ও পেশীশক্তির প্রভাব দূর করারও দাবি জানান।
তিনি বলেন, সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন নির্বাচনে কোটি কোটি টাকা লাগে, যা খুবই হতাশাজনক। এই রকম পরিস্থিতি আর আনতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নূর।
এম২৪নিউজ/আখতার