রংপুরে গ্যাস বিতরণ পাইপলাইন নির্মাণ শুরু জানুয়ারিতে

নিউজ ডেস্ক:

অর্থনৈতিক উন্নয়ন ও পিছিয়েপড়া রংপুর অঞ্চলে শিল্প বিকাশের লক্ষ্যে উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়ার পর এবার রংপুর বিভাগে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার।

গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের কাজ ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে জুন ২০২২ সালের মধ্যে শেষ হবে। ২০১১ সালে রংপুর জেলা সফরকালে এ অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তত্সংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ফেসিলেশন কোম্পানির (আইএফসি) প্রকৌশলীরা সম্ভাব্যতা যাচাই শেষ করেছেন। এ প্রকল্পের আওতায় ২৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন দিয়ে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

সোমবার সন্ধ্যায় রংপুর চেম্বার বোর্ড রুমে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তত্সংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনের বিষয় নিয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের কর্মকর্তাবৃন্দের সঙ্গে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ ও রংপুরের শিল্পোদ্যোক্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং) ইঞ্জিনিয়ার শৈলজা নন্দ বসাক।