রংপুরে ছাত্রাবাসে মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর পীরজাবাদ এলাকায় বেসরকারি মেডিকেল কলেজের শেষ বর্ষের শহিদুল ইসলাম ওলি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহত শহিদুল ইসলাম ওলি কুড়িগ্রাম সদর উপজেলার আব্দুল হকের ছেলে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জনান, পুলিশ এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে। 

ছাত্রাবাসের গার্ড রফিকুল ইসলাম মণ্ডল জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ শিক্ষার্থীরা চিৎকার ও ছোটাছুটি করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা চিৎকার করে বলতে থাকেন ওলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে দ্রুত তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, ওলি করোনার জন্য বাড়িতে গিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার বাড়ি থেকে ফিরে আসেন। ঘটনার রাতে হঠাৎ ওলি রুমের দরজা বন্ধ করে দেন। তাদের সন্দেহ হলে রুমের দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন।

ছাত্রাবাসের স্বত্বাধিকারী শাহাদৎ হোসেন জানান, নিরাপত্তার জন্য ছাত্রাবাসে সিসিটিভি রয়েছে। প্রয়োজনে ওই সিসিটিভির ফুটেজ দেখে জানা যাবে ঘটনার সময় কী হয়েছিল। তার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে গেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার